ad
ad

Breaking News

Jahangir Khan

‘জনরোষ’ এড়াতে কাকভোরে অপারেশন! সকলের নজর এড়িয়ে কাকভোর কোর্ট লকআপে ফলতার ‘পুষ্পা’

জাহাঙ্গিরকে নিয়ে শুরু থেকেই বাড়তি সতর্ক ছিল পুলিশ প্রশাসন

Jahangir Khan Taken To Diamond Harbour Lock-Up

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: জনরোষের আশঙ্কায় কাকভোরেই ডায়মন্ড হারবার কোর্ট লক আপে ঢোকানো হল ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’-কে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁকে আদালতে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, আদালতে হাজির করানোর সময় তাঁকে ঘিরে বিক্ষোভের সম্ভাবনা ছিল। সেই পরিস্থিতি এড়াতেই ভিড় জমার আগেই জাহাঙ্গিরকে কোর্ট লক আপে পৌঁছে দেওয়া হয়। সূত্রের দাবি, ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে আদালতে আনার সময় তাঁর দিকে ডিম বা টমেটো ছোড়া হতে পারে বলে আশঙ্কা করছিল পুলিশ। সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতাকে ঘিরে জনরোষের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই জাহাঙ্গিরকে নিয়ে শুরু থেকেই বাড়তি সতর্ক ছিল পুলিশ প্রশাসন।

জানা গিয়েছে, আদালতের শুনানি নির্ধারিত সময়েই শুরু হবে। তবে তার অনেক আগেই জাহাঙ্গিরকে কোর্ট লক আপে ঢুকিয়ে দেওয়ায় আদালত চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জাহাঙ্গিরকে নিয়ে সোমবার রাত থেকেই সতর্ক ছিল পুলিশ। বাগডোগরা থেকে বিমানে কলকাতায় আনার পর তাঁকে বিমানবন্দরের সাধারণ বহির্গমন পথ দিয়ে নয়, বরং অ্যারাইভাল গেট দিয়েই বাইরে আনা হয়। নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

একটি ভিডিয়োয় দেখা যায়, মুখে নীল মাস্ক পরে পুলিশি পাহারায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন জাহাঙ্গির খান। তাঁর গ্রেফতারির পর থেকেই ফলতা-সহ দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এবার আদালতে পেশের আগেই ভোরের অন্ধকারে তাঁকে কোর্ট লক আপে নিয়ে যাওয়া ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।