চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার রেশ গিয়ে পড়ল এবার বর্ধমানে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রবিবার সকালে এসএফআই কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার আঁচ বর্ধমানে, পুলিশ-এসএফআই খণ্ডযুদ্ধ pic.twitter.com/QmjseFwUPv
— Bangla Jago Tv (@BanglaJagotv) March 2, 2025
এসএফআই-এর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁদের কর্মীরা নিগ্রহের শিকার হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদেই রবিবার বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। জেলা সম্পাদক ঊষশী রায়চৌধুরীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে গেলে, পারকাস মোড়ে পুলিশ তাঁদের পথ আটকায়।
মিছিল চলাকালীন এসএফআই কর্মীরা শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানোর চেষ্টা করেন, যাতে পুলিশ বাধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র হাতাহাতির ফলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।
বিক্ষোভকারীদের সরাতে একসময় পুলিশ লাঠিচার্জ শুরু করে। প্রায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বর্ধমানের পরিবেশ অশান্ত থাকে। এসএফআই-এর দাবি, পুলিশের আঘাতে তাঁদের তিনজন কর্মী আহত হয়েছেন। এছাড়া, মহিলা পুলিশ না থাকায় পুরুষ পুলিশের হাতে তাঁদের মহিলা কর্মীরা হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর বর্ধমান শহরে চাপা উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।