চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: ইসলামপুরবাসীর দাবি অবশেষে পূরণ হতে চলেছে। দক্ষিণ ভারতগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ অনুমোদনের খবরে শহরজুড়ে আনন্দের আবহ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পালের এই উদ্যোগকে ইসলামপুরবাসীর কাছে ‘বিশেষ উপহার’ বলেই মনে করা হচ্ছে।দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল ইসলামপুর মহকুমার বাসিন্দাদের। বিশেষ করে মুম্বই ও বেঙ্গালুরুগামী ট্রেনগুলির স্টপেজ না থাকায় যাত্রীদের বিকল্প স্টেশনের উপর নির্ভর করতে হতো। পাশাপাশি অনুন্নত রেল যোগাযোগের কারণে ইসলামপুর মহকুমার ব্যবসায়িক মহলও আর্থ-সামাজিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ছিল বলে অভিযোগ।
রায়গঞ্জের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই কার্তিক চন্দ্র পাল উত্তর দিনাজপুর জেলা, বিশেষ করে ইসলামপুর মহকুমার রেল পরিকাঠামো উন্নয়নের দাবিতে নিয়মিতভাবে দিল্লিতে রেলমন্ত্রকের কাছে দরবার করে আসছিলেন। তাঁর একনিষ্ঠ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলেই অবশেষে রেলমন্ত্রক একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজে সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানা গিয়েছে।রেল সূত্রে খবর, পানভেল–আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস, এস এম ভি টি বেঙ্গালুরু–আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস, ডিব্রুগড়–মুম্বই লোকমান্য তিলক এক্সপ্রেস এবং বহুল জনপ্রিয় কামাখ্যা–হাওড়াগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস—এই চারটি ট্রেনেরই ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে স্টপেজ চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
এই খবরে ইসলামপুর শহর ও আশপাশের এলাকায় খুশির জোয়ার বইছে। ট্রেন স্টপেজের খবর ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষ বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পালকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই সিদ্ধান্ত ইসলামপুর মহকুমার যাত্রী পরিষেবার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক উন্নয়নে নতুন দিশা দেখাবে।