চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: নির্বাচনী আবহে ফের ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিতে খড়গপুরের বিধায়ক তথা হাওড়ার শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বুধবার ঘটা করে মনোনয়ন জমা দিলেও বিতর্কের মেঘ যেন কাটছেই না। হলফনামায় ‘স্ত্রী’ হিসেবে কার নাম লিখবেন হিরণ, তা নিয়ে গত মার্চ থেকেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এবার মনোনয়ন জমা পড়তেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকে ‘রক্ষিতা’ বলে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি।
চলতি বছরের শুরুতেই প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা-নেতা হিরণ। সেই ঘটনার জল আদালত পর্যন্ত গড়ায়। এমনকি ২৬-এর বিধানসভা ভোটে তাঁর টিকিট পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে সব জল্পনা উড়িয়ে হাওড়ার শ্যামপুর থেকে পদ্মশিবির ফের হিরণেই ভরসা রেখেছে। কিন্তু প্রচারের ময়দানে নামতেই ফের মাথাচাড়া দিল পারিবারিক কলহ।
মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, ‘সঙ্গী’ হিসেবে হিরণ চট্টোপাধ্যায় তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতার নামই উল্লেখ করেছেন। তবে সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে ‘আইনত বিবাহিত’ (Legally Married) এবং ‘বিচ্ছিন্ন’ (Separated)। এই তথ্য প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছেন অনিন্দিতা। ফেসবুক পোস্টে নাম না করে হিরণের দ্বিতীয় স্ত্রীকে বিঁধে তিনি প্রশ্ন তুলেছেন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?”
সূত্রের খবর, মনোনয়নপত্র পেশ করার আগে আয়কর সংক্রান্ত নথির জন্য অনিন্দিতার সাহায্যও চেয়েছিলেন হিরণ। কিন্তু ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন যে ভোটের ময়দানে হিরণকে বেশ চাপে রাখবে, তা বলার অপেক্ষা রাখে না। অনিন্দিতার এই বিস্ফোরক মন্তব্যের জবাবে হিরণ বা তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।