চিত্র: নিজস্ব
পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের দেওয়ালে ধস। চালু হওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই জাতীয় সড়কের একটি অংশের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ৫০-৬০ ফুট রাস্তা ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় কলকাতা মুখী যানবাহন। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা। মেমারি–পালসিটের কাছে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই জাতীয় সড়কের নির্মাণ কাজ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। বুধবার মেমারি –পালসিট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের একটি অংশের গার্ডওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রতিদিন এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ যানবাহন যাতায়াত করে। ফলে এমন গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। বৃহস্পতিবার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে জাতীয় সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা সড়কে নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।