চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: দোল উৎসবের আগে রংবেরঙের ফুল আর সবজি থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির। আর সেই আবির বাজারজাত করে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর এল এস সমবায় সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি এই আবির ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। সমবায় গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে অ্যারারুট পাউডারের সঙ্গে গোলাপ, গাঁদা, পলাশের পাপড়ি, নিমপাতা, বিট, গাজর ও হলুদের নির্যাস মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেষজ আবির। প্রথমে প্রাকৃতিক উপকরণের নির্যাস ফুটিয়ে নেওয়া হয়, পরে তা শুকিয়ে চালুনিতে ছেঁকে তৈরি হয় রঙিন, সুগন্ধযুক্ত আবির। পুরো প্রক্রিয়াতেই ব্যবহার হচ্ছে কেমিক্যালবিহীন উপাদান।গোষ্ঠীর সদস্য প্রিয়া মণ্ডল জানান, রাসায়নিক আবির ব্যবহারে ত্বকের সমস্যা, অ্যালার্জি এমনকি চোখের ক্ষতির আশঙ্কা থাকে। সেই ঝুঁকি এড়াতেই তাঁরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আবির তৈরির উদ্যোগ নিয়েছেন। নিজেদের বাগানের ফুল ও সবজি ব্যবহার করায় খরচও কমছে, পাশাপাশি নিরাপদ রঙ ব্যবহার করার বার্তাও পৌঁছে দেওয়া যাচ্ছে।
ঐতিহ্যগতভাবে বসন্তোৎসব বা হোলিতে প্রাকৃতিক রঙের ব্যবহার ছিল। সময়ের সঙ্গে সঙ্গে রাসায়নিক আবির সেই জায়গা দখল করলেও বর্তমানে পরিবেশ সচেতনতার কারণে ভেষজ আবিরের চাহিদা আবার বাড়ছে। নদিয়া ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা এই ধরনের আবির তৈরি করে স্বনির্ভর হচ্ছেন।গোষ্ঠীর আর এক সদস্য বিপাশা মজুমদার জানান, এ বছর নতুনভাবে উদ্যোগ নিয়ে যে পরিমাণ আবির তৈরি করা হয়েছে, তার সবটাই এলাকায় বিক্রি হয়েছে। আত্মীয়-স্বজন ও পরিচিতদের মধ্যে সরবরাহ করে আর্থিকভাবে লাভবানও হয়েছেন তাঁরা।চন্দননগর এল এস সমবায় সমিতির সম্পাদক অপূর্ব প্রসাদ বিশ্বাস বলেন, গোষ্ঠীর মহিলারা যেভাবে বিভিন্ন ফুল, পাতা ও সবজি দিয়ে সুগন্ধযুক্ত আবির তৈরি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
আগামী দিনে এই ভেষজ আবির আরও বড় বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে মহিলাদের আয়ের নতুন পথ খুলে যায়। সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাসও জানান, সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় গোষ্ঠীর মহিলাদের প্রতি তিনি গর্বিত। দোল উৎসবে রাসায়নিক আবিরের বিকল্প হিসেবে ভেষজ আবির তৈরি করে তাঁরা সমাজকে সচেতনতার বার্তা দিচ্ছেন—ক্ষতিকর উপাদান এড়িয়ে পরিবেশবান্ধব রং ব্যবহার করার আহ্বান জানাচ্ছেন।রঙের উৎসবকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে নদিয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠছে।