চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বৃষ্টি যেন থামার নাম নিচ্ছে না। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত, অফিসযাত্রীদের দুর্ভোগ চরমে। জুনের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আবহাওয়ার এমন চেহারা ঘিরে চিন্তা বাড়ছে রাজ্যবাসীর। তার মধ্যেই ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ুর অগ্রগতি নিয়ে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার সাম্প্রতিক চিত্র অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা এখন জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, পাঠানকোট এবং জম্মু পর্যন্ত বিস্তৃত। আগামী দিনগুলিতে এই অক্ষরেখা আরও এগিয়ে গিয়ে উত্তর আরব সাগরের বাকি অংশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির বিভিন্ন অঞ্চলেও প্রবেশ করবে। ফলে সেখানে বর্ষা ঢোকার সম্ভাবনা প্রবল (Heavy Rain Alert)।
আরও পড়ুনঃ Assembly Session: বিধানসভা অধিবেশনে যোগ দিতে এত অনীহা কেন?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ জুনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ-সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, উত্তর-পূর্ব আসামের দিকেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখাকে আরও সক্রিয় করে তুলছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Heavy Rain Alert)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। টানা বৃষ্টির জেরে কলকাতাসহ বহু শহরের নিম্নাঞ্চল জলে ডুবে গেছে। অফিস টাইমে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। স্কুলপড়ুয়া ও চাকুরিজীবীদের সমস্যার শেষ নেই। নদী, খালপাড় ও নিচু অঞ্চলে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে প্রশাসনও তৎপর হয়ে উঠেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে (Heavy Rain Alert)।