চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আবারও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন গরমের প্রকোপ আরও বাড়তে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরেও তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে—৪৫.২ মিলিমিটার। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, যেখানে বৃষ্টির পরিমাণ ছিল ২২.২ মিলিমিটার। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সীমিত। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস।
তবে এই স্বস্তি হবে স্বল্পস্থায়ী। ৭ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ কমবে এবং আকাশ পরিষ্কার হতে থাকবে। তার ফলেই ফের বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় পারদ পৌঁছায় ৩৮ ডিগ্রিতে, যা সোমবারের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃষ্টি থামার পরে গরম আরও তীব্র হবে।
উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেখানে বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে ঝড়-বৃষ্টি। সিকিমে ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে দেড় গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা—পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম বাদে বাকি জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও গোটা অঞ্চলে থাকবে অস্বস্তিকর গরম। আবহাওয়াবিদদের মতে, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। ফলে রাজ্যবাসীকে তাপপ্রবাহ ও গরমের দাপট সহ্য করেই চলতে হবে আগামী কয়েকদিন।