চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আগামী সপ্তাহ থেকে রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় মিলনোৎসব গঙ্গাসাগর মেলা শুরু হতে যাচ্ছে। ধর্মীয় উৎসবকে ঘিরে দেশজুড়ে সাধু ও সন্ন্যাসীরা একত্রিত হন। বিপুল ভিড়, পুজো ও হরেক রকম সামগ্রী বিক্রির কারণে এই সময়ে বাংলার অর্থনীতিও চাঙ্গা হয়। প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় বাড়তি পরিবহণের ব্যবস্থা নেওয়া হয়।
এবার রেল কর্তৃপক্ষ বিশেষভাবে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছে। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করেন এবং মেলার জন্য নেওয়া বিশেষ ব্যবস্থার কথা জানান। এবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে মোট ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে রয়েছে ১০টি ইএমইউ এবং ২৩ জোড়া ‘মেলা স্পেশাল ট্রেন’।
মেলার ভিড় নিয়ন্ত্রণে রেল সূত্র জানিয়েছে, শিয়ালদহ থেকে দুটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম—১৫ ও ১৬—থেকে এই বিশেষ ট্রেনগুলো ছাড়বে। প্রতিটি ট্রেনে প্রায় ২ থেকে ২.৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। ট্রেন ধরতে হুড়োহুড়ি এড়াতে আলাদা ‘এন্ট্রি’ ও ‘এক্সিট’ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা এলাকা দিয়ে ঢুকবেন এবং দক্ষিণের গেট দিয়ে বের হবেন।
টিকিট ব্যবস্থাকে আরও মসৃণ করতে ইউটিএস পদ্ধতিতে টিকিট কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলার নিরাপত্তার জন্য রেল সুরক্ষা বাহিনী মোতায়েন থাকবে। নজরদারির জন্য ৩৪০ জন আরপিএফ এবং ৫৪ জন অফিসার নিয়োজিত থাকবেন। পুরো রুটে হাই-রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। রাতের ট্রেনে সুরক্ষার জন্য ডগ স্কোয়াডও মোতায়েন থাকবে। এছাড়া পর্যাপ্ত মেডিক্যাল ক্যাম্পও মেলায় স্থাপন করা হয়েছে।
এভাবে রেল ও প্রশাসনের পূর্ণ প্রস্তুতির মাধ্যমে এবারের গঙ্গাসাগর মেলা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে।