ad
ad

Breaking News

Food Movement

খাদ্য আন্দোলনের ৬০ বছর: কৃষ্ণনগরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, মিছিলে বিশিষ্টরা

সাধারণ মানুষের খাদ্যের দাবিতে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠেছিল, তা আজও সমাজকে ন্যায়ের লড়াইয়ের প্রেরণা জোগায়।

Food Movement Martyrs Remembered in Krishnanagar

চিত্রঃ নিজস্ব

মাধব দেবনাথ, নদিয়া: ১৯৬৬ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনে শহীদদের স্মরণে কৃষ্ণনগরে অনুষ্ঠিত হলো এক আবেগঘন অনুষ্ঠান। শহরের কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আনন্দ হাইতের শহীদ বেদিতে মাল্যদান করে দিনের কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি এস এম সাদী। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক শংকর সরকার সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্মরণসভায় বক্তারা ১৯৬৬ সালের খাদ্য আন্দোলনের প্রেক্ষাপট, সেই সময়কার খাদ্য সংকট এবং আন্দোলনে শহীদদের আত্মবলিদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের খাদ্যের দাবিতে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠেছিল, তা আজও সমাজকে ন্যায়ের লড়াইয়ের প্রেরণা জোগায়।

এরপর একটি মিছিল বেরিয়ে সদর হাসপাতাল মোড়ে শহীদ হরি বিশ্বাসের শহীদ স্থলে গিয়ে পৌঁছায়। সেখানেও মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল কালিনগরে অর্জুন ঘোষের শহীদ বেদিতে একইভাবে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।