চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk:জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় গভীর রাতে ঘটে গেল আতঙ্কের ঘটনা। শুক্রবার গভীর রাতে হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে রাস্তার পাশে থাকা একটি টায়ারের দোকান। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুরো দোকানটাই আগুনে ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, তারপর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। দোকানের ভিতরে থাকা বহু টায়ারও পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুনঃ সুন্দরবনে ব্যাটারিচালিত নৌকার সংখ্যা বাড়ায় খুশি যাত্রীরা
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। এলাকার মানুষজন জানান, পাশে আরও কয়েকটি দোকান এবং কিছু বাড়ি ছিল, আগুন যদি সেগুলিতে ছড়িয়ে পড়ত তাহলে বড়োসড়ো বিপর্যয় ঘটতে পারত।
ভাগ্যক্রমে দমকল বাহিনীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবুও, সম্পূর্ণ ভস্মীভূত দোকানের মালিকের ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পর এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থানীয়রা বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন।