চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: রেবতী মালি: রাতের অন্ধকারে আতঙ্ক ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বজবজ ইএসাই হাসপাতালে। আনুমানিক রাত পৌনে বারোটা নাগাদ হাসপাতালের দোতলার প্যাথলজি বিভাগে হঠাৎ করে আগুন লাগে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কম্পিউটার রুমেও।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন লাগার সময় ধোঁয়া উপর তলার দিকেও ছড়িয়ে পড়ে, যার ফলে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
হাঁটাচলা করতে সক্ষম রোগীরা নিজেরাই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন, অন্যদিকে যারা শারীরিকভাবে অক্ষম ছিলেন, তাঁদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন হাসপাতালের কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপিও কামরুজ্জামান মোল্লা এবং মহেশতলা থানার পুলিশ। এছাড়াও স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন।
রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন মন্তব্য না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কাউন্সিলরের দাবি, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এই দুর্ঘটনা ফের একবার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।