চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়া নরসিংহ নগর বিহারিয়া মঠপাড়া এলাকায় সোমবার রাতে ঘটে যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পাল এবং তাঁর পরিবারের উপর নেমে আসে অকল্পনীয় দুর্ভাগ্য। পরিবারের মূল জীবিকা ছিল মাটির জিনিসপত্র তৈরি ও বিক্রি। সোমবার রাতে তাঁরা বাড়ির উঠোনে কুয়ো তৈরির জন্য পাট পোড়ানোর কাজ করছিলেন। কিন্তু আচমকাই আগুনের শিখা ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য অংশে। মুহূর্তের মধ্যে পুরো বসত ঘর আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ডোমকল থেকে দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকল কর্মীদের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুনের লেলিহান শিখায় মনোরঞ্জন পালের বসত ঘরের সমস্ত আসবাবপত্র, মাটির তৈরী সামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনরকমে প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আর্থিক ক্ষতি হয়েছে বিপুল পরিমাণে। মনোরঞ্জন পাল দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে তাঁদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাট পোড়ানোর সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়নি, যার ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে মনোরঞ্জন পালের পরিবার সম্পূর্ণরূপে সর্বস্বান্ত। একমাত্র জীবিকা ছিল মাটির সামগ্রী তৈরি, সেটাও এখন আগুনে পুড়ে শেষ। এখন পরিবারটি সাহায্যের জন্য প্রশাসন ও সমাজের সহানুভূতির দিকে তাকিয়ে আছে।