চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ঝাড়গ্রামে জাল লটারি চক্রে অভিযান পুলিশের। বড়সড় সাফল্য পুলিশের অভিযানে। চিচিড়া গ্রাম থেকে উদ্ধার বিপুল জাল লটারি সামগ্রী। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার চিচিড়া গ্রামে জাল লটারি ছাপাখানার হদিশ মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে জামবনি থানার আইসি-র নেতৃত্বে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। চিচিড়া বাজার এলাকায় পৌঁছে তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন এসআই অর্ণব মণ্ডল। অভিযানে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার জাল লটারি, লটারি ছাপানোর মেশিন, কাটিং মেশিন, একাধিক কম্পিউটার এবং নগদ টাকা। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় জাল লটারি ছাপাখানার মালিক শেখ সাদেকুল হক আনসারিকে। পরে তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় (Fake Lottery)।
আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত নিজেই স্বীকার করে, দীর্ঘদিন ধরে সে এই জাল লটারি কারবার চালিয়ে আসছে। ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘নাগাল্যান্ড ডিয়ার’, ‘গঙ্গা লটারি’-র নামে জাল টিকিট ছড়িয়ে পড়ত। আসল ডিয়ার লটারির রেজাল্টের সঙ্গে মিলিয়ে এই জাল লটারি বাজারে চালানো হতো। তার ছাপাখানায় প্রতিদিন কোটি টাকার জাল লটারি ছাপা হতো বলেও জানা যায়।
জাল লটারি চক্রের মূল পান্ডার খোঁজে দীর্ঘদিন ধরেই জাল পেতে রেখেছিল জামবনি থানার পুলিশ। অবশেষে এই অভিযানের মাধ্যমে এক অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, আরও কে কে এই চক্রে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Fake Lottery)।