চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মেলার আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকের ছায়ায়। চলন্ত দোলনার চাকার সঙ্গে চুল জড়িয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে ধুলিয়ান লালপুর পৌরসভা এলাকার এক মেলায়। ঘটনায় শোকস্তব্ধ গোটা সামসেরগঞ্জ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম আসরিন খাতুন (১২)। সে ধুলিয়ান পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের লালপুরের বাসিন্দা এবং ধুলিয়ান বাণিচাঁদ আগারওয়ালা বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় বান্ধবীর সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে দোলনায় চেপেছিল আসরিন (Fair Accident)।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দোলনা চলাকালীন হঠাৎই দোলনার চাকার সঙ্গে তার চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই দোলনার তীব্র গতির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে আসরিন। মেলার ভিড়ে তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় (Fair Accident)।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি ও পর্যাপ্ত তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র বারো বছরের এক কিশোরীর এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা ঘটনাটিকে হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে (Fair Accident)।