চিত্র: প্রতীকী
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: নিজের মাঠের ফসল রক্ষা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক কৃষকের। হাতির হানায় প্রাণ গেল বিষ্ণুপুরের কুড়চিডাঙ্গা গ্রামের বাসিন্দা রামপদ হেমব্রমের (৪০)। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা (Elephant Attack)।
জানা গিয়েছে, বড়জোড়ার পাবয়ার জঙ্গলে প্রায় চার মাস থাকার পর সম্প্রতি ৬৩টি হাতির একটি দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে রওনা দেয়। গতকাল রাতেই ২৩টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে ঢোকে। পরে ওই দলটিকে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।
এই অবস্থায় আলুর জমিতে হাতির হানার আশঙ্কায় সন্ধ্যা থেকেই স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল পাহারায় ছিলেন রামপদ হেমব্রম। রাতের দিকে হাতির দল আলুর জমিতে নেমে পড়লে অন্যদের সঙ্গে তিনিও হাতিদের তাড়ানোর চেষ্টা করেন। সেই সময় অধিকাংশ হাতি চলে গেলেও পেছনে থাকা তিনটি হাতির বিষয়টি তিনি খেয়াল করতে পারেননি (Elephant Attack)।
আচমকাই ওই তিনটির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি শুঁড়ে তুলে তাঁকে মাটিতে আছড়ে ফেলে পায়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। রামপদ হেমব্রমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃতের পরিবারের জন্য দ্রুত ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষ (Elephant Attack)।