চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: সত্যেন মহন্ত, রায়গঞ্জ: রায়গঞ্জের রূপাহারে জাতীয় সড়কের ধারে পড়ে থাকতে দেখা গেল সরকারি স্কুলের নতুন পোশাকের স্তুপ। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম এই দৃশ্য দেখতে পান। পোশাকগুলির গায়ে ছিল “বিশ্ববাংলা” লোগো, যা সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া পোশাক হিসেবে পরিচিত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ দ্রুত পোশাকগুলি সংগ্রহ করে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বীরঘই গ্রাম পঞ্চায়েতের সদস্যা শারমিনার স্বামী নুর আলম জানান, “এতগুলো সরকারি স্কুলের পোশাক কে বা কারা এইভাবে রাস্তায় ফেলে গেল, তা নিয়ে আমরা প্রশাসনের কাছে তদন্তের আর্জি জানিয়েছি। এটা নিছক অসাবধানতা নয়, এর পেছনে বড় কোনও ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।”
[আরও পড়ুন: ওয়াকফ বিল বাতিলের দাবি জানিয়ে সদাইপুরে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা]
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পোশাকগুলি কোথা থেকে এল, কারা তা ফেলে রেখে গেল—সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের ধারণা, এটি কোনও গাফিলতি না হয়ে ইচ্ছাকৃত কোনও কাজও হতে পারে।
স্থানীয়দের অনেকে দাবি করেছেন, সরকারি সম্পত্তি নিয়ে এরকম অবহেলা মোটেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পেছনে যদি কোনও ব্যক্তি বা চক্রের হাত থাকে, তবে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠছে।