ad
ad

Breaking News

Tribunal Voter List

পাহাড় প্রমাণ আবেদনেও নাম উঠল মাত্র ১৩৯ জনের! ট্রাইব্যুনালের রায়ে বড় ঝটকা বাদ পড়া ভোটারদের

ভোররাতে কমিশনের তালিকা প্রকাশ! ৬৫০ জনের মধ্যে নাম ফিরল সামান্যরই, বাকি ৫১১ জন বাতিলের খাতায়।

EC Publishes Tribunal Voter List: Only 139 New Names Added

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভোটের ঠিক আগের রাতে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালের যাচাই পর্ব শেষে প্রথম দফার ভোটের জন্য সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তবে যে বিপুল সংখ্যক ভোটার তালিকায় ফেরার আশায় ছিলেন, তাঁদের জন্য খুব একটা সুখবর নেই। কমিশন সূত্রে খবর, পাহাড়প্রমাণ আবেদনের ভিড়ে শেষ পর্যন্ত মাত্র ১৩৯ জন ভোটারের নাম মূল তালিকায় যুক্ত হতে পেরেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় মোট ৬৫০টি মামলার নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৫১১ জনের আবেদন খারিজ হয়ে গিয়েছে, অর্থাৎ তাঁদের নাম তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ দেওয়া হয়েছে। মাত্র ১৩৯ জনের নাম যোগ্য বলে বিবেচিত হওয়ায় তাঁরা আগামীকাল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। এই নতুন নাম সংযুক্ত হওয়ার পর প্রথম দফার ১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০।

সুপ্রিম কোর্টের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগের নির্দেশে বলা হয়েছিল, ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁরা যোগ্য বলে প্রমাণিত হবেন, তাঁদের ভোটাধিকার দিতে হবে। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার দিবাগত রাতে বুথভিত্তিক তালিকা প্রকাশ করে কমিশন। ভোটাররা এখন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এপিক (EPIC) নম্বর দিয়ে পরীক্ষা করতে পারছেন যে তাঁদের নাম শেষ পর্যন্ত তালিকায় উঠল কি না। যে সব বুথে কোনও নিষ্পত্তি হয়নি, সেই বুথের ক্ষেত্রে তালিকায় কোনও পরিবর্তন আসেনি।

তবে প্রথম দফার এই চিত্র সামান্য হলেও, নজর এখন দ্বিতীয় দফার দিকে। আগামী ২৯ এপ্রিল রাজ্যের বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ। সেই দফার ভোটার তালিকা এখনও চূড়ান্ত হয়নি, কারণ ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন ও নাম তোলার সুযোগ রয়েছে। ফলে দ্বিতীয় দফায় কতজন ভোটাধিকার ফিরে পান, সেটাই এখন দেখার। আপাতত এই ১৩৯ জন নতুন ভোটারকে নিয়েই কালকের মেগা লড়াইয়ে নামছে কমিশন।