চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে একাধিক কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি পোস্টাল ভোটিং সেন্টারে মাইক্রো অবজারভার নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, অবজারভারদের দিনে অন্তত তিনবার করে কেন্দ্র পরিদর্শন করতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ব্যালট সিলিং ঠিকভাবে হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখতে হবে। নিরাপত্তার ক্ষেত্রেও জোরদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। প্রতিটি পোস্টাল ভোটিং সেন্টারের প্রবেশপথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, যাতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা যায়।
এছাড়াও, প্রতিটি ভোটিং সেন্টারে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। জেলা স্তরে সেই ফুটেজের লাইভ মনিটরিং চালানো হবে বলে জানানো হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর নথিপত্র ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন অবজারভার এবং রিটার্নিং অফিসাররা। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।