ad
ad

Breaking News

Election Commission

বুথের ভিড় আটকাতে ‘লক্ষণরেখা’ নির্বাচন কমিশনের, নয়া পদক্ষেপ

নির্ধারিত গণ্ডির ভিতরে আর‌ও দু’টি টেবিলে ভোটারের নথি যাচাই করা হবে।

election-commission-new-rules-fake-voters-west-bengal-polls

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বুথের ভিতরে না বুথ চত্বরে অযথা ভিড় এড়াতে এবং বুথে ভূয়ো ভোটার আটকাতে বাংলার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব পদক্ষেপ নির্বাচন কমিশনের।আসন্ন নির্বাচনে পোলিং বুথের চারপাশে আক্ষরিক অর্থেই থাকবে লক্ষ্মণরেখা। সাদা চুন দিয়ে বুথের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। এই লক্ষ্মণরেখার মধ্যে ভোটার ছাড়া আর কার‌ও প্রবেশে অনুমতি থাকবে না।

ভোটারের নথি যাচাইয়ের কাজে লক্ষ্মণরেখার বাইরে থাকবেন বিএল‌ও, একজন সরকারি আধিকারিক। নির্ধারিত গণ্ডির ভিতরে আর‌ও দু’টি টেবিলে ভোটারের নথি যাচাই করা হবে। বুথের ১০০ মিটারের মধ্যে অযথা জটলা বা অযাচিত লোকের ভিড় এড়াতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন কমিশন কর্তারা।

অন্যদিকে, ভুয়ো ভোটার রুখতে ভোটার স্লিপকেও এবার হাতিয়ার করছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি ভোটারদের হাতেই ভোটার স্লিপ বিলি করবেন বিএল‌ও। তবে কোন‌ কোন ভোটারকে স্লিপ বিলি করা যায়নি, কেন স্লিপ বিলি করা যায়নি তার সবিস্তার তথ্য দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে। স্লিপ বিলির সময় বাড়িতে ছিলেন না এমন কোন‌ও ভোটার ভোট দিতে এলে তিনি কেন ছিলেন না তার কারণ জানতে চাইবেন প্রিসাইডিং অফিসার। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার তালিকায় নাম, ছবি খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ওই ভোটারকে ভোটদানে অনুমতি দেবেন প্রিসাইডিং অফিসার। কেউ যাতে অন্য কার‌ও নাম ভাঙিয়ে ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে কার্যত ভোটের বুথেও ফের একবার এএসডিডি তালিকা যাচাই করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনী স্বচ্ছ্বতা ও নিরাপত্তা রক্ষায় এবারের ভোটে মাইক্রো অবজার্ভারদের সঙ্গে থাকছে বডি ক্যামেরা।

কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সঙ্গেও থাকবে বডি ক্যামেরা। বিধানসভা এলাকায় অবস্থিত সমস্ত সরকারি সিসি ক্যামেরা থেকে ফুটেজ পেতেও ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়েছে কমিশন। কোথাও কোন‌ও সন্দেহজনক গতিবিধি ধরা পড়লেই তখনই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।