ad
ad

Breaking News

Election Commission

দ্রুত ভোট ঘোষণা করতে চায় কমিশন: ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটারদের ভবিষ্যৎ কী?

কিন্তু বড় প্রশ্ন হলো, অনিশ্চয়তার মুখে পড়তে চলেছেন লক্ষাধিক ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটাররা।

Election Commission Plans Early Poll Announcement,

চিত্র- সংগৃহীত

জয় চক্রবর্তী: রাজ্যের নির্বাচন প্রস্তুতি নিয়ে সোমবার দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন। সূত্রের ইঙ্গিত, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাওয়ার পরেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো, অনিশ্চয়তার মুখে পড়তে চলেছেন লক্ষাধিক ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষের ওপর নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ পর্যায়ে রয়েছে। অর্থাৎ, এঁদের নথিপত্র যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। যদি খুব শীঘ্রই ভোটের দিন ঘোষণা হয়ে যায়, তা হলে সময়ের অভাবে প্রায় অর্ধেক মামলা নিষ্পত্তি করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে বিপুল সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

এক শীর্ষ আধিকারিক জানান, সাধারণত প্রস্তুতি বৈঠকের পর কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সংশ্লিষ্ট রাজ্য সফরে যায়। সেই সফরের পরেই ভোটের দিন ঘোষণা করা হয়। সূত্রের দাবি, হোলির পরেই পূর্ণাঙ্গ বেঞ্চ বাংলায় আসছে এবং তারপরেই ভোট ঘোষণা হবে। যদি এমনটাই হয়, তা হলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন – যা নতুন ভোটার অন্তর্ভুক্তিরও শেষ সময়সীমা – তার আগে বিচার প্রক্রিয়া শেষ করার জন্য বিচারিক আধিকারিকদের হাতে সময় থাকবে মাত্র প্রায় ৩০ দিন।

বর্তমানে ৫০১ জন বিচারিক আধিকারিক প্রতিদিন গড়ে প্রায় ২২৫টি করে মামলা নিষ্পত্তি করছেন। এই হারে ৬০.০৬ লক্ষ মামলা শেষ করতে প্রয়োজন প্রায় ৫৩ দিন। বিচারকদের যাচাই পর্বের তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের কত অংশ এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।