চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বুথ লেভেল অফিসারদের দায়িত্বে গাফিলতি, অবহেলা বা নির্দেশ অমান্যের ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটল নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বুথ লেভেল অফিসাররা জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ১৩বি(২) ধারার অধীনে নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ERO) দ্বারা নিযুক্ত হন এবং তাঁরা নির্বাচন কমিশনের ডেপুটেশনে কর্মরত বলে গণ্য হবেন। ফলে তাঁদের কাজে কোনওরকম অনিয়ম ধরা পড়লে কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে।
নির্বাচন কমিশনের মতে, দায়িত্বে অবহেলা, অসদাচরণ, ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য, আইন বা নির্বাচক নিবন্ধন বিধি লঙ্ঘন কিংবা এমন কোনও কাজ বা অবহেলা যা ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে—এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিএল ও বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করা হবে। নির্দেশ অনুযায়ী, জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক প্রথমে অভিযুক্ত বুথ লেভেল অফিসারকে সাসপেন্ড করতে পারবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের শৃঙ্খলাবিধি অনুযায়ী বিভাগীয় তদন্তের সুপারিশ করবেন। ছ’মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে, মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে অভিযুক্ত বি এল ও-র বিরুদ্ধে এফআইআর দায়ের করা যেতে পারে।