চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ডিম ছোড়ার ঘটনা যেন থামছেই না। প্রশাসন ও শাসকদলের শীর্ষ নেতৃত্ব বারবার এমন ঘটনা থেকে বিরত থাকার বার্তা দিলেও মঙ্গলবার সেই একই ঘটনার শিকার হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কোচবিহারের শীতলকুচিতে তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে শীতলকুচি বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে একাধিক ডিম ছোড়া হয়। ডিমের আঘাতে গাড়ির কাচ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নিজেই মোবাইলে ঘটনার ভিডিও রেকর্ড করেন সিপিএম নেত্রী।
BJP workers allegedly attacked the vehicles of Minakshi Mukherjee, Alokesh Das, and Ananta Roy in Sitalkuchi. pic.twitter.com/Mo5OkBKF1N
— সাবির (@SabirAl72017365) July 7, 2026
ভিডিও বার্তায় মীনাক্ষী বলেন, “আগে পুলিশ গ্রেপ্তার করুক। তারপর দেখা যাবে। আমার অপরাধটা কী? রাস্তায় কি বেরনো যাবে না?” তিনি অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর দাবি, প্রয়োজনে নিজের রেকর্ড করা ভিডিও পুলিশের হাতে তুলে দিয়ে তদন্তে সহযোগিতা করবেন। এর আগে মঙ্গলবারই শীতলকুচিতে নিহত সিপিএম কর্মী মণ্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। গত শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে খুটামারি নদীর ধারে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, গরু কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার কারণে গোরক্ষকদের হাতে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেই ফেরার পথে হামলার মুখে পড়েন সিপিএম নেত্রী।
ঘটনার জন্য সরাসরি বিজেপি কর্মী-সমর্থকদের দায়ী করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণ উত্তেজনা চলার পর পরিস্থিতি স্বাভাবিক হলে মীনাক্ষী মুখোপাধ্যায় কোচবিহার শহরের উদ্দেশে রওনা দেন।