ad
ad

Breaking News

Raidighi

আই-প্যাক দফতরে ইডি হানার প্রতিবাদে উত্তাল রায়দিঘি, পুড়ল অমিত শাহের কুশপুতুল

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করছে।

ED Protest in Raidighi Over Alleged Political Targeting

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সল্টলেকের সেক্টর ফাইভে শাসক দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে তার প্রতিবাদে সরব হল রায়দিঘী তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর কাশিনগরে দলের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় (Raidighi)।

তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। মিছিল ও সভায় মহিলা কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। কাশিনগর বাজার থেকে শুরু হওয়া মিছিলটি গোটা বাজার এলাকা পরিক্রমা করে (Raidighi)।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, রায়দিঘী বিধানসভার বিধায়ক ড. অলোক জলদাতা, মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার-সহ রায়দিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী ও সমর্থকেরা।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির নির্দেশে ইডি-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে চাপে রাখার চেষ্টা চলছে। আইপ্যাকের দফতরে ইডির অভিযানের ঘটনাকে দলের পক্ষ থেকে প্রতিহিংসামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তার তীব্র বিরোধিতা করা হয় (Raidighi)।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে দল এই ধরনের চাপের কাছে মাথা নত করবে না বলেও তিনি দাবি করেন।

বিধায়ক ড. অলোক জলদাতা তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে কাজ করে এবং কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। যদিও মিছিলের সময় কাশিনগর বাজার এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় (Raidighi)।