ad
ad

Breaking News

Durgapur

একটি ট্রাকের তিনটি নম্বর প্লেট! আটক চালক

তাঁর অভিযোগ, চোখের সামনেই তিনি দেখতে পান ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছে, তাও আবার ভিন রাজ্যের।

durgapur-truck-with-multiple-number-plates

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk:  একটি পণ্যবাহী ট্রাক, অথচ নম্বর প্লেট তিনটি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে  দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুক এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের গোলপার্ক এলাকায় একাধিক ছোট-বড় কারখানা রয়েছে। প্রতিদিনই এই এলাকায় ভারী পণ্যবাহী ট্রাক চলাচল করে। অভিযোগ, অনেক সময় বেপরোয়া গতির কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে।

শনিবার সকালে ওই এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক। তাঁর অভিযোগ, চোখের সামনেই তিনি দেখতে পান ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছে, তাও আবার ভিন রাজ্যের। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন। এরপরই স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে ঘিরে ফেলেন।

অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে ট্রাক চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাঁকে ধরে ফেলে। মুহূর্তের মধ্যেই এলাকায় ভিড় জমে যায় এবং ট্রাকটিকে ঘিরে শুরু হয় বচসা। স্থানীয়দের দাবি, একটি ট্রাক থেকে তিনটি আলাদা নম্বর প্লেট উদ্ধার হয়। যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দু’টি সম্পূর্ণ অবৈধ। কীভাবে একটি ট্রাকের একাধিক নম্বর থাকতে পারে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ ও মুচিপাড়া সাব-ট্রাফিক গার্ডের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ট্রাকটিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক স্বীকার করেছে যে, আর্থিক সংক্রান্ত কিছু সমস্যা এড়ানোর জন্যই সে একাধিক নম্বর প্লেট ব্যবহার করছিল। তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কতদিন ধরে এইভাবে ট্রাক চালানো হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন,এই ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর। ভুয়ো বা একাধিক নম্বর প্লেট ব্যবহার করে গাড়ি চালানো আইনত অপরাধ। পুরো বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করা হবে।