ad
ad

Breaking News

Elephant Encounter

মাঝরাস্তায় জোড়া হাতি, লাটাগুড়ির জঙ্গলে রুদ্ধশ্বাস ১৫ মিনিট

একটি ভিডিও ইতিমধ্য়েই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে

Wild Elephants Roam Highway in Duars Near Lataguri

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাতের অন্ধকারে জঙ্গলের নিস্তব্ধতা চিরে জাতীয় সড়কের ওপর দাপিয়ে বেড়াল দুটি বিশালাকায় হাতি। মঙ্গলবার রাতে ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধাম সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মাঝরাস্তায় হাতি দুটির ঘুরে বেড়ানোর একটি ভিডিও ইতিমধ্য়েই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জলপাইগুড়ি থেকে সপরিবারে চালসার বাড়িতে ফিরছিলেন রেনু রায় নামে এক স্থানীয় বাসিন্দা। ফেরার পথে মহাকাল ধাম সংলগ্ন এলাকায় হঠাৎই গাড়ির হেডলাইটের আলোয় দেখা যায় দুটি হাতি রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে। বন্যপ্রাণীর উপস্থিতি টের পেয়েই চালক তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেন। গাড়ির ভেতর থেকেই রেনু রায় মোবাইলে হাতি দুটির গতিবিধির ভিডিও রেকর্ড করেন। প্রায় ১৫ মিনিট ধরে হাতি দুটি জাতীয় সড়কের ওপর নিজেদের মেজাজে ঘোরাফেরা করে। এরপর সেগুলি ফের জঙ্গলে ফিরে গেলে যাত্রীরা পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

লাটাগুড়ির এই জঙ্গল চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কে এর আগেও একাধিকবার বন্যপ্রাণীদের চলে আসতে দেখা গিয়েছে। ডুয়ার্সের এই পথে প্রায়ই হাতি বা অন্যান্য পশুর যাতায়াত থাকে। সেই কারণে বনদপ্তরের পক্ষ থেকে দিন ও রাতে এই সড়কে অত্যন্ত সাবধানে এবং ধীরগতিতে যানবাহন চালানোর কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

বনকর্মীদের মতে, বন্যপ্রাণীদের যাত্রাপথে যাতে কোনওভাবে বিঘ্ন না ঘটে, সেদিকে সাধারণ মানুষের সজাগ থাকা প্রয়োজন। এই ঘটনায় বড়সড় কোনও বিপত্তি না ঘটলেও রাতের ডুয়ার্সে হাতির আনাগোনা পর্যটক ও স্থানীয়দের মধ্যে যথেষ্ট রোমাঞ্চ ও আতঙ্কের সৃষ্টি করেছে।