চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বন্দে মাতরমের ১৫০ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজকের নির্ধারিত উত্তরবঙ্গ সফরটি স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে দার্জিলিং লোকভবনে ‘রুট অ্যান্ড রিদমস’ প্রদর্শনীর উদ্বোধন এবং পার্বত্য উৎসবের সূচনা করার কথা ছিল তাঁর। তবে হঠাৎ এই কর্মসূচি বাতিলের সঠিক কারণ এখনো স্পষ্ট করা হয়নি, যা নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ভোটমুখী বাংলায় রাজ্যপাল বদলের সম্ভাবনার মধ্যে রাষ্ট্রপতির এই সফর কাটছাঁট হওয়াকে কেন্দ্র করে গুঞ্জন আরও তীব্র হয়েছে।
শুক্রবার সশরীরে উপস্থিত না থাকলেও রাইসিনা হিলস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শনিবার ৭ মার্চ দার্জিলিংয়ের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। মূলত আদিবাসী সম্প্রদায়ের সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি, ভাষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে এই সম্মেলনে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের প্রতিনিধি নরেশ কুমার মুর্মু জানিয়েছেন যে, প্রতি বছরের মতো এবারও এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতবার অসম এই সম্মেলনের সাক্ষী ছিল, এবার সেই ধারাবাহিকতায় দার্জিলিংয়ে আয়োজিত হতে চলা এই বিশেষ অধিবেশনের শুভ সূচনা করবেন রাষ্ট্রপতি। আদিবাসী জনগোষ্ঠীর সামগ্রিক রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি বাতিলের ফলে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হলেও শনিবারের সফরের প্রস্তুতি জোরকদমে চলছে। রাষ্ট্রপতির এই ঝটিকা সফর ঘিরে পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।