চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকলে কাঁঠাল বাগান থেকে একসঙ্গে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে ডোমকল থানার পুলিশ যে অভিযানে নামে, তাতেই মাটির নিচে পুঁতে রাখা ৬০–৭০টি সকেট বোমা উদ্ধার হয়।
ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা বিশ্বাসপাড়া এলাকায় আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় একটি কাঁঠাল বাগানের ভেতর মাটির নীচে পুঁতে রাখা তিনটি প্লাস্টিকের জার উদ্ধার হয়।
সেই জারগুলিতেই মজুত ছিল তাজা সকেট বোমা।বোমাগুলি উদ্ধারের পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা এত বিপুল সংখ্যক বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখতে শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।