চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রঙের উৎসবের সকালেই কড়া রোদে পুড়ছে তিলোত্তমা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের দোল কাটতে চলেছে চূড়ান্ত অস্বস্তিতে। শুধু রোদ নয়, ঘামের অস্বস্তি বাড়িয়ে দোসর হয়েছে বাতাসে থাকা প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। ফলে প্যাচপ্যাচে গরমের কারণে দোল খেলার আনন্দ কিছুটা ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় এক ডিগ্রি বেশি। বেলার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়বে গরম, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ জেলাভেদে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় খুব একটা বড় বদল দেখা যাবে না।
এই আকস্মিক গরমের পেছনে কাজ করছে একাধিক বায়ুমণ্ডলীয় পরিস্থিতি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে চারটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার ওপর বুধবার উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কথা। এর প্রভাবেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, যা রোদের তেজের সঙ্গে মিলে সাধারণ মানুষকে নাজেহাল করে তুলছে।
তবে গরমের বিরক্তির মাঝেও বিকেলে রয়েছে এক মহাজাগতিক প্রাপ্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দোল পূর্ণিমার বিকেলে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’ সহ চন্দ্রগ্রহণ। বিকেল ৩টে ২১ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে এই দৃশ্য সবথেকে স্পষ্ট দেখা যাওয়ার কথা। উৎসবের আমেজ আর প্রকৃতির এই বিরল সংযোগ সাক্ষী থাকতে মুখিয়ে আছেন আকাশপ্রেমীরা।