চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বছর শেষের উৎসবে এখন রীতিমতো টগবগ করে ফুটছে দিঘা। বড়দিন থেকেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ওল্ড এবং নিউ দিঘার ছোট-বড় প্রায় সব হোটেলেই এখন হাউসফুল বোর্ড ঝুলছে। অধিকাংশ হোটেলই ১ জানুয়ারি পর্যন্ত আগাম বুকিং হয়ে যাওয়ায় এখন তিলধারণের জায়গা নেই পর্যটন কেন্দ্রে। হোটেল মালিকদের একাংশের দাবি, ভিড়ের নিরিখে এবার দিঘা নিজের তৈরি সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছে।
পর্যটকদের এই উপচে পড়া ভিড়কে বাড়তি আনন্দ দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, আগামী ৩০ এবং ৩১ ডিসেম্বর ওল্ড দিঘার সমুদ্র সৈকতে একটি বর্ণাঢ্য বিচ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এই উৎসবে একঝাঁক নামী শিল্পীর উপস্থিতিতে বসবে সাংস্কৃতিক সন্ধ্যার আসর। শুধু তাই নয়, নতুন বছরকে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর ঠিক রাত ১২টায় সমুদ্রের আকাশে দেখা যাবে জমকালো আতসবাজীর প্রদর্শনী। দিঘার পাশাপাশি মন্দারমণির বিভিন্ন হোটেলেও ডিজে নাইট ও বলিউড-টলিউডের শিল্পীদের নিয়ে সংগীত সন্ধ্যার প্রস্তুতি চলছে তুঙ্গে।
অন্যদিকে, ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিঘা ও মন্দারমণি এলাকাকে। উৎসবের মেজাজে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সৈকত জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কোনো পর্যটক বিপদে পড়লে বা কোনো অভিযোগ থাকলে সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে যত্রতত্র বাইক রেসিং বা মদ্যপানের বিশৃঙ্খলার ওপর।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতিটি হোটেল পুরোপুরি বুকড। সামান্য যে দু-একটি ঘর ফাঁকা রয়েছে, তা পাওয়ার জন্য পর্যটকদের মধ্যে কার্যত কাড়াকাড়ি পড়ে গিয়েছে। তবে পর্যটকরা যাতে সঠিক পরিষেবা পান এবং আনন্দের সাথে বর্ষবরণ করতে পারেন, সেই লক্ষ্যে তারা সবরকম সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।