চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিশু এবং এক দম্পতি। বুধবার বিকেলে বহরমপুর ও কৃষ্ণনগরগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের জেরে দুই বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের সংস্কার কাজের জন্য বাহাদুরপুর এলাকায় একটি লেন বন্ধ ছিল। ফলে অন্য একটি লেন দিয়েই দুই দিকের যানবাহন চলাচল করছিল। এদিন বিকেলে বহরমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সজোরে ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের শব্দ শুনেই তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা এক শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় সড়কের একদিকের লেন বন্ধ থাকায় গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে জাতীয় সড়কে ক্রমাগত দুর্ঘটনা বেড়ে চলায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে এবং গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ঘাতক বাস দুটিকে উদ্ধার করে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।