চিত্রঃ জেমিনাই
Bangla Jago Desk: রবিবার রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীনই একাধিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছিল। এবার সেই কারচুপির চক্রের হদিশ মিলল ঝাড়খণ্ডের ধানবাদে। একটি লজে হানা দিয়ে হোটেল মালিক সহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ঝাড়খণ্ডে বসে প্রশ্নপত্র ও উত্তরপত্র সাজিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষায় কারচুপি চালানোর চেষ্টা করছিল এই চক্র। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার একটি লজে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে উদ্ধার হয় বিপুল সংখ্যক অ্যাডমিট কার্ড, প্রশ্ন ও উত্তরের নোট, রেজিস্টার, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, বিভিন্ন শিক্ষাগত শংসাপত্র, পরিচয়পত্র এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথি-সহ অসংখ্য কাগজপত্র (Recruitment Exam)।
আরও পড়ুনঃ Tarapith: তারাপীঠে ২০ টাকার আংটি চুরির অভিযোগ তুলে পুণ্যার্থীদের বেধড়ক মারধর
পুলিশ জানিয়েছে, এই জালিয়াতি চক্রের সদস্যরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীদের এনে ওই লজে রেখেছিল। নদিয়া, বীরভূম, রানাঘাট, চাকদহ, হাঁসখালি সহ একাধিক এলাকার পরীক্ষার্থীদের সেখানে জড়ো করা হয়েছিল। অভিযোগ, পরীক্ষার আগেই তাদের উত্তরপত্র তৈরি করিয়ে দেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরীক্ষার্থী পিছু ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চুক্তি করা হয়েছিল। গ্রেফতার হওয়া মোট ১৭ জনের মধ্যে ১৬ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাকি একজন ধানবাদ জেলার স্থানীয় লজ মালিক। পুলিশের তল্লাশিতে প্রায় ২৭২ জন প্রার্থীর অ্যাডমিট কার্ড এবং ৬৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে (Recruitment Exam)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
ধানবাদ সিটির পুলিশ সুপার ঋত্বিক শ্রীবাস্তব জানিয়েছেন, এই অভিযানের পর পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ধানবাদে পৌঁছেছে। তাঁরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখবে এই পরীক্ষা আসল ছিল নাকি পুরোটাই ভুয়ো প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে চলছিল। লজের রেজিস্টার খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, সেখানে ১০০ জনেরও বেশি পরীক্ষার্থীকে নাম নথিভুক্ত করে রাখা হয়েছিল। পুলিশের বক্তব্য, এই র্যাকেটের সঙ্গে আর কারা কারা যুক্ত, এবং কতদিন ধরে এই চক্র সক্রিয় ছিল, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের ধানবাদ আদালতে তোলা হয়েছে (Recruitment Exam)।