ad
ad

Breaking News

Development Agenda

উন্নয়নের ‘রোল মডেল’ হবে সামশেরগঞ্জ! জলযন্ত্রণা ও শিক্ষা-সমস্যা মেটাতে মরিয়া নূর আলম

উন্নয়নই হবে তাঁর আগামী দিনের প্রধান লক্ষ্য

Development Agenda by TMC Candidate Noor Alam

চিত্র: নিজস্ব

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোল বদলে দিতে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলম। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি ও পরিকাঠামো উন্নয়নই হবে তাঁর আগামী দিনের প্রধান লক্ষ্য। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, টাউন সভাপতি কাউসার আলী এবং ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামসহ স্থানীয় শীর্ষ নেতৃত্ব।

সামশেরগঞ্জবাসীর দীর্ঘদিনের অভাব-অভিযোগ মেটানোকেই অগ্রাধিকার দিচ্ছেন নূর আলম। তিনি জানান, ধুলিয়ান পৌরসভার জলমগ্ন হওয়ার সমস্যা দীর্ঘদিনের। এটি সমাধানে একটি আধুনিক ড্রেনেজ প্রকল্প শুরু করার পাশাপাশি প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও, এলাকার নারী শিক্ষার প্রসারে একটি নতুন গার্লস কলেজ স্থাপনের পরিকল্পনাও তাঁর রূপরেখায় স্থান পেয়েছে।

স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে নূর আলম ঘোষণা করেন, অনুপনগর মাতৃ মা হাসপাতালে একটি নতুন ওপিডি ভবন, আধুনিক সার্জিক্যাল বিভাগ এবং একটি ব্লাড ব্যাঙ্ক স্থাপন করা হবে। কৃষকদের সুবিধার্থে আম ও লিচু সংরক্ষণের জন্য এলাকায় একটি আধুনিক কোল্ড স্টোরেজ তৈরির কথাও তিনি উল্লেখ করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মাসনা নদীর ওপর ফুটব্রিজ নির্মাণ এবং নিমতিতা রাজবাড়ির হেরিটেজ সংরক্ষণের ওপরও জোর দিয়েছেন তিনি।

প্রার্থীর এই উন্নয়নমূলক ঘোষণা স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। নূর আলমের দাবি, তৃণমূল কংগ্রেস কাজে বিশ্বাসী এবং তাঁর মূল লক্ষ্য সামশেরগঞ্জকে জেলার উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা। রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনের মুখে এই একগুচ্ছ প্রতিশ্রুতি সাধারণ মানুষের মন জয়ে নূর আলমের অন্যতম প্রধান হাতিয়ার হতে পারে।