Bangla Jago Desk : ১০ তারিখ অর্থাৎ রবিবার ব্রিগেডে মেগা সভার মাধ্যমে লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। এরপরই ফের তৃণমূল সুপ্রিমো রওনা হচ্ছেন জেলা সফরের উদ্দেশ্যে। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে তিনি যাবেন উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সেখানে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। বিকেলে উত্তর ২৪ পরগনা থেকেই রওনা দেবেন উত্তরবঙ্গে। পৌঁছবেন জলপাইগুড়িতে।
ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। ঠিক তার পরই এই হাবড়া সফর হাই ভোল্টেজ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকের সভা হবে বানীপুর আম্বেদকর স্পোর্টস একাডেমির মাঠে। সেই জনসভার প্রস্তুতি সোমবার বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, হাবরা পৌরসভার পুরো প্রধান নারায়ণ সাহা সহ উচ্চপদস্থ একাধিক পুলিশ আধিকারিকেরা খতিয়ে দেখেছেন।
মঙ্গলবার আকাশপথে বেলা সাড়ে ১১ টা নাগাদ হাবড়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে সেখানে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তৃণমূল সুপ্রিমো। ফের সেখানের সভা সেরে এদিন বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রওনা দেবেন জলপাইগুড়ির উদ্দেশ্যে। রাতে থাকবেন ফুলবাড়ীর উত্তরকন্যায়। ১৩ ই মার্চ অর্থাৎ বুধবার উত্তরকন্যার কাছে ফুলবাড়ীর ভিডিওকন ময়দানে একাধিক সরকারি পরিষেবা তিনি হাতে তুলে দেবেন সাধারণের।
তার বেশ কিছু পরিষেবা প্রধানের মধ্যে অন্যতম হলেও কাওয়াখালীতে ফ্ল্যাটের ইডব্লুএসের কাগজপত্র প্রদান, এছাড়াও শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং আরো বেশ কিছু সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। তবে এই বিষয়টিও ঠিক যে লোকসভা নির্বাচনের আগে এবং প্রার্থী ঘোষণার পরে নিজের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তৃণমূল নেতৃত্ব সেই বিষয়টি এখন লক্ষণীয়।