চিত্র: নিজস্ব
রাকেশ চক্রবর্তী, হুগলি: এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে প্রতিবাদে একক পদযাত্রায় শামিল হলেন চুঁচুড়ার বাসিন্দা সংগ্রাম মল্লিক। চুঁচুড়ার ঘড়ির মোর থেকে বালিখাল পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ জানান ৬১ বছরের এই ব্যক্তি (Chinsurah)।
সংগ্রাম মল্লিক জানান, এসআইআর সংক্রান্ত শুনানিতে তাঁকেও হাজিরা দিতে বলা হয়েছিল। কারণ হিসেবে দেখানো হয়, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। যদিও তাঁর দাবি, তিনি ১৯৯০ সালেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমনকি একবার চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে ইন্ডিয়ান পিপল ফ্রন্ট (আইপিএফ) দলের হয়ে নির্বাচনে লড়েছিলেন (Chinsurah)।
প্রতিবাদী সংগ্রাম মল্লিকের অভিযোগ, যাঁরা এতদিন ভোট দিয়ে এসেছেন, হঠাৎ তাঁদের অ-নাগরিক বলা হচ্ছে। তাহলে তাঁদের ভোটেই তো এতদিন রাষ্ট্র পরিচালিত হয়েছে। এখন হঠাৎ করে নাগরিকত্ব যাচাইয়ের নামে হয়রানি করা হচ্ছে।তাঁর আরও দাবি, ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার। এসআইআর-এর নামে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই হয়রানির প্রতিবাদেই তিনি এককভাবে পদযাত্রায় নেমেছেন।এই ঘটনায় এসআইআর প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠল (Chinsurah)।