চিত্র: সংগৃহীত
রাকেশ চক্রবর্তী, হুগলি: বাড়িতে তালা দিয়ে কয়েক ঘণ্টার জন্য বাইরে গিয়েছিলেন দম্পতি। ফিরে এসে দেখলেন দরজার তালা ভাঙা, আলমারি খোলা এবং ঘর লন্ডভন্ড। চুঁচুড়ার কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের নলডাঙা এলাকায় এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে (Chinsurah)।
বাড়ির মালিক পার্থ চৌধুরী জানান, তিনি ও তাঁর স্ত্রী মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যায় ফিরে দেখেন লোহার গেটে বাইরে থেকে তালা দেওয়া। সেই তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের দরজা খোলা। বেডরুমের দরজার কড়া ভাঙা এবং ঘরের ভেতরে কাগজপত্র ও ফাইল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারি খুলে সোনা ও রুপোর অলংকার নিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁর দাবি, আনুমানিক আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে।
তিনি এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এলাকায় সিসি ক্যামেরা নেই এবং নিয়মিত পুলিশি টহলও হয় না। কয়েক মাস আগে পাশের একটি বাড়িতেও রাতে ডাকাতির ঘটনা ঘটেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে (Chinsurah)।
গৃহকর্ত্রী সুপ্রিয়া দাশগুপ্ত চৌধুরী বলেন, “মাত্র কয়েক ঘণ্টার জন্য বাইরে গিয়েছিলাম। এত বড় ক্ষতি হবে ভাবিনি। চোরেরা শুধু সোনা–রুপোর অলংকার নিয়েছে। টিভি, ক্যামেরা বা ল্যাপটপে হাত দেয়নি।”
কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য শুভঙ্কর রাহা জানান, এর আগেও আশপাশে একই ধরনের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, কিছুদিন পুলিশ সক্রিয় থাকলেও বর্তমানে টহলে শিথিলতা রয়েছে। প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। চুরির খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে (Chinsurah)।