চিত্র: সংগৃহীত
সুমন মণ্ডল, ঘাটাল: যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও চন্দ্রকোণা থানার সহযোগিতায় আয়োজিত হল অনূর্ধ্ব–১২ ফুটবল প্রতিযোগিতা ‘জার্মান কাপ’। চন্দ্রকোণার মল্লেশ্বরপুর স্কুল মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এই টুর্নামেন্টে জেলার ১৪টি স্কুলের ছাত্রদের নিয়ে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে। প্রথম দিনেই একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয় (Chandrakona)।
আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, রবিবার এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা রক্ষার গণ্ডি ছাড়িয়ে কমিউনিটি পুলিশের অংশ হিসেবেই এই ধরনের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। স্কুলপড়ুয়াদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে সঠিক দিশা দেখানোই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। জেলা জুড়ে প্রতিটি থানা এলাকায় স্থানীয় বিদ্যালয়গুলিকে নিয়ে প্রাথমিক স্তরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এই পর্ব থেকে বাছাই হওয়া সেরা দলগুলিকে নিয়ে পরবর্তীতে আয়োজন করা হবে মেগা ফাইনাল (Chandrakona)।
জেলা পুলিশের আধিকারিকদের মতে, এই ‘জার্মান কাপ’-এর উদ্দেশ্য শুধুমাত্র ট্রফি বা পুরস্কার বিতরণ নয়, বরং এই প্রতিযোগিতার মাধ্যমেই ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক গায়কোয়াড় নীলেস শ্রীকান্ত, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক পুরুষোত্তম পান্ডে, রামজীবনপুর ফাঁড়ির আইসি সৌরত্যেন্দু বেরা, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র-সহ পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগে পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ যেমন বাড়বে, তেমনই গড়ে উঠবে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম (Chandrakona)।