চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: রাকেশ চক্রবর্তী, হুগলি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরসভাগুলিতে তৈরি হওয়া অচলাবস্থার তালিকায় এবার যুক্ত হল হুগলির চাঁপদানী পুরসভা। চেয়ারম্যান সুরেশ মিশ্র-সহ তৃণমূলের ১৯ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করায় কার্যত ভেঙে গেল পুরসভার বোর্ড।
জানা গিয়েছে, চাঁপদানী পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। এরপর বৃহস্পতিবার চেয়ারম্যান সুরেশ মিশ্র-সহ বাকি ১৭ জন তৃণমূল কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে জমা দেন। সেই পদত্যাগপত্র চন্দননগরের মহকুমাশাসকের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। চাঁপদানী পুরসভায় মোট ২২টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে তৃণমূলের কাউন্সিলর ছিলেন ২১ জন এবং কংগ্রেসের ছিলেন একজন। তবে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম কুরেশি বর্তমানে এলাকায় না থাকায় তাঁরা পদত্যাগপত্র জমা দিতে পারেননি।
অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর জানিয়েছেন, দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে তৃণমূলের অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করায় পুরসভার নির্বাচিত বোর্ডের অস্তিত্ব কার্যত শেষ হয়ে গেল। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক পুরসভায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ কাউন্সিলররা পদত্যাগ করেছেন, আবার কোথাও পুরসভা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করতে হয়েছে। হুগলি জেলার চন্দননগর কর্পোরেশন থেকে শুরু করে চুঁচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, ডানকুনি ও তারকেশ্বর পুরসভাতেও মেয়াদ শেষ হওয়ার আগেই বোর্ড ভেঙে যাওয়ার নজির তৈরি হয়েছে। চাঁপদানী পুরসভাতেও এবার সেই একই ছবি দেখা গেল। আগামী দিনে পুরসভা পরিচালনার দায়িত্ব কীভাবে সামলানো হবে, তা নিয়ে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।