ad
ad

Breaking News

Nadia

১৩ কোটি ব্যয়ে শুরু চাকদহ–বনগাঁ রোড সংস্কারের কাজ, খুশিতে স্থানীয়রা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহের বিডিও, চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

chakdah-road-repair-work-begins-nadia

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: মাধব দেবনাথ, নদিয়া:  দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল চাকদহ শহরের গুরুত্বপূর্ণ চাকদহ–বনগাঁ রোড সংস্কারের কাজ। রাজ্য সরকারের সহযোগিতায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে বসন্তকুমারী স্কুল পর্যন্ত প্রায় ১.৭ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করা হবে। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারানুর সুলতানা মীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহের বিডিও, চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল চাকদহ–বনগাঁ রোডের এই অংশটি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান জল জমে যেত। ফলে নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়তে হত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। রাস্তার এই দুরবস্থা নিয়ে এলাকায় বহুবার ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

পুজোর আগে রাস্তার বেহাল দশার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। সেই সময় চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ পচা জলে নেমে সাঁতার কেটে প্রতিবাদ জানান, যা রাজ্য রাজনীতিতেও আলোড়ন তোলে। তাঁর দাবি, বিধায়ক কোটার টাকায় এত বড় প্রকল্প করা সম্ভব ছিল না। আন্দোলন ও ডেপুটেশনের জেরেই সরকার এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই এই কাজ বাস্তবায়িত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বর্ষার আগেই রাস্তার সংস্কারের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তাঁদের আশা, বহুদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে এবার স্বস্তির যাতায়াত মিলবে।