ad
ad

Breaking News

বুথ সংখ্যায় ‘গোলমাল’, জ্ঞানেশের সঙ্গে বিতণ্ডার জেরে অপসারিত কোচবিহারের পর্যবেক্ষক

নির্বাচন কমিশনের হাই-ভোল্টেজ ভার্চুয়াল বৈঠকে নজিরবিহীন কাণ্ড!

Cooch Behar South Observer Anurag Yadav

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: নির্বাচন কমিশনের হাই-ভোল্টেজ ভার্চুয়াল বৈঠকে নজিরবিহীন কাণ্ড! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠকেই কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে কার্যত ধমক দিয়ে ‘বাড়ি চলে যেতে’ বলেন সিইসি। তবে দমে না গিয়ে ভরা সভায় পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান এই আমলাও। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে।

ঘটনার সূত্রপাত কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বুথ সংখ্যা নিয়ে। ভার্চুয়াল বৈঠকে আচমকাই অনুরাগ যাদবকে জ্ঞানেশ কুমার প্রশ্ন করেন, “আপনার কেন্দ্রে কতগুলি বুথ রয়েছে?” আচমকা এই প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রবীণ আইএএস অফিসার অনুরাগ। উত্তর দিতে গিয়ে কিছুটা তোতলাতে শুরু করেন তিনি। খানিকক্ষণ পর সামলে নিয়ে জানান, তাঁর কেন্দ্রে ১২৫টি বুথ রয়েছে। কিন্তু পর্যবেক্ষকের এই অস্বস্তি দেখে মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। সবার সামনেই তাঁকে আক্রমণ করে বলেন, “কাজ ছেড়ে বাড়ি চলে যান (Go back to home)।”

মুখ্য নির্বাচন কমিশনারের মুখে এমন ‘অপমানজনক’ কথা শুনে চুপ থাকেননি অনুরাগ যাদবও। ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই আমলা পাল্টা গর্জে উঠে বলেন, “২৫ বছর সার্ভিস করছি। আপনি এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না।” অনুরাগের এই সপাট জবাবে কয়েক সেকেন্ডের জন্য থমথমে হয়ে যায় গোটা বৈঠক। থতমত খেয়ে যান খোদ জ্ঞানেশ কুমারও। পরিস্থিতি বেগতিক বুঝে আর কথা না বাড়িয়ে দ্রুত অন্য প্রসঙ্গে চলে যান সিইসি।

নির্বাচনের ঠিক মুখে খোদ নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁরই নিযুক্ত করা পর্যবেক্ষকের এই সরাসরি সংঘাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যখন বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ কমিশনের সামনে, তখন খোদ অন্দরের এই কোন্দল ও আমলাদের অসন্তোষ নতুন বিতর্ক উসকে দিল। একজন প্রবীণ আইএএস অফিসারকে এভাবে ভরা বৈঠকে ব্যক্তিগত আক্রমণ করা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্ষমতার অলিন্দে।