ad
ad

Breaking News

Brigade Weather

শপথগ্রহণের দিনই মেঘলা আকাশ, বিকেলেই কি নামবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?

শনিবার এবং রবিবার—উভয় দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকবে

Brigade Weather Rain Threat Looms Over Kolkata Swearing

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর শনিবার শহর কলকাতায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এই হাই-প্রোফাইল অনুষ্ঠান ঘিরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের তাল কাটতে পারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সকাল থেকেই সাজ সাজ রব বিগ্রেড চত্বরে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার এবং রবিবার—উভয় দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকবে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি চলছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ছ’টা থেকে শনিবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত কলকাতায় ১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে। বিশেষ করে দুপুরের পর থেকে শহরের আবহাওয়া আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শপথগ্রহণ অনুষ্ঠানটি খোলা আকাশের নিচে হওয়ার কারণে এই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আয়োজকদের কাছে। অকালবৃষ্টির প্রভাবে মে মাসের মাঝামাঝি এসেও শহরে গরমের দাপট উধাও। উল্টে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা নিচে নেমে যাওয়ায় মনোরম আবহাওয়া অনুভূত হচ্ছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম। রাতেও বজায় ছিল একই আমেজ। শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি নেমে গিয়ে দাঁড়ায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যায়, এই মুহূর্তে পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে একটি অক্ষরেখা বরাবর বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। মূলত এই পরিস্থিতির কারণেই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে রাজনীতির ময়দান উত্তপ্ত থাকলেও প্রকৃতির খেয়ালে শহর জুড়ে বইছে ঠান্ডা হাওয়া।