ad
ad

Breaking News

BJP Arrests

ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধর: গ্রেফতার তিন বিজেপি কর্মী

উল্লেখ্য, ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিয়ো ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

brigade-gita-path-patis-assault-arrests

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ব্রিগেডময়দানে অনুষ্ঠিত হয়েছিল লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানের দিন এক প্যাটিস বিক্রেতা ময়দানে ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করছিলেন। অভিযোগ, কেন তার বাক্সে চিকেন প্যাটিস রয়েছে তা নিয়ে আক্রমণ চালানো হয় তার ওপর। কয়েকজন বিজেপি কর্মী ওই প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর করে। এই ঘটনার প্রেক্ষিতে তোলপাড় হয় রাজ্য। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করে। এই নিয়ে কলকাতার ময়দান থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বুধবার রাতে হুগলি ও উত্তর ২৪ পরগনার  বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। হুগলির উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয় সক্রিয় বিজেপি কর্মী তরুণ ভট্টাচার্যকে। উত্তর চব্বিশ পরগনা থেকে দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তরুণ ভট্টাচার্য প্রমোটিং ব্যবসায়ী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ ভট্টাচার্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে অশোকনগর থেকে গ্রেফতার করা হয় এবিভিপি নেতা স্বর্ণেন্দু চক্রবর্তীকে। বুধবার গভীর রাতে কলকাতার ময়দান থানা ও অশোকনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অশোকনগর পুরসভার চার নম্বর ওয়ার্ডে স্বর্ণেন্দু চক্রবর্তীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বিএনএস-এর  একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে ১৮৯ (২), ১২৬ (২), ১১৫(২), ৩২৪(২), ২৯৯ ধারায় বেআইনি জমায়েত, অবৈধভাবে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, বিপদজনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় আঘাত করা, ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ আঘাত সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিয়ো ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। গ্রেফতার হওয়া তরুণ নিজেও সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে বেশ কিছু মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

এই বিষয়ে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, গীতা পাঠ একটি সনাতনীদের অনুষ্ঠান ছিল। সেখানে কেন চিকেন প্যাটিস বিক্রি করা হবে? চিকেন প্যাটিস বিক্রেতা অন্যায় করেছে। অন্যদিকে উত্তরপাড়ার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা। বিজেপি বাংলাতেও গোবলয়ের ছায়া নামিয়ে আনার চেষ্টা করছে। বাংলা মনীষীদের পূণ্যভূমি। এখানকার প্রশাসন অনেক বেশি কঠোর। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে ঠিক কাজ করেছে।