ad
ad

Breaking News

Bongaon Station

Bongaon Station: বনগাঁ স্টেশনে জিআরপির বড় সাফল্য, উদ্ধার ১০ কেজি রুপো

বেআইনি রুপো পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনগাঁ জিআরপি।

Bongaon Station Silver Seizure GRP

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: বনগাঁ স্টেশনে জিআরপির তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলল। স্টেশন চত্বর থেকে উদ্ধার হল প্রায় ১০ কেজি রুপোর বল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। বেআইনি রুপো পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনগাঁ জিআরপি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সঞ্জিব পাল। তাঁর বাড়ি বনগাঁর শক্তিগড় এলাকায়। শুক্রবার রাতে বনগাঁ স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চলাকালীন জিআরপির নজরে পড়ে সঞ্জিব। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার পিঠব্যাগের ভিতর থেকে ১০ কেজি রুপোর বল উদ্ধার হয়।

পুলিশি জেরায় ধৃত রুপোর কোনও বৈধ কাগজপত্র বা চালান দেখাতে পারেনি। এরপরই বেআইনি রুপো পাচারের অভিযোগে রুপোসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া রুপো বাজেয়াপ্ত করেছে জিআরপি। শনিবার সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে জিআরপির পক্ষ থেকে ৩ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদন গ্রহণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া রুপো বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বনগাঁ হয়ে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ জিআরপি।