ad
ad

Breaking News

Bolpur

বোলপুরে বাইক-টোটো সংঘর্ষের পর লরির ধাক্কা, লরির চাকায় পিষ্ট হয়ে নিহত তরুণ

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহত অপর যুবককে উদ্ধার করে সিউড়ি মহকুমা হাসপাতালে পাঠায়।

Bolpur, Fatal Road Accident: 18-Year-Old Biker Death

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: সাতসকালেই পথ দুর্ঘটনায় রক্তাক্ত বোলপুর। শনিবার বোলপুর থানার মীরে পাড়া এলাকায় একটি টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষের পর লরির তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল সুহান আলি নামে ১৮ বছরের তরুণ বাইক আরোহীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকের পিছনে থাকা আরও এক যুবক। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে (Bolpur)।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি মোটরসাইকেলে করে সুহান ও তাঁর এক বন্ধু সংসদ গ্রাম থেকে বোলপুরের দিকে যাচ্ছিলেন। মীরে পাড়ার কাছে উল্টোদিক থেকে আসা একটি টোটোর সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় সুহান রাস্তার ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের (Bolpur)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহত অপর যুবককে উদ্ধার করে সিউড়ি মহকুমা হাসপাতালে পাঠায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে লরিটিকে শনাক্ত করার চেষ্টা করছে (Bolpur)।

এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও দ্রুতগতির ভারী যান চলাচলের ওপর নজরদারির অভাব রয়েছে। পুলিশ জানিয়েছে, যানবাহনগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মাত্র আঠারো বছরের তরুণের এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম (Bolpur)।