Bangla Jago Desk: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা এবারও হবে না এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পৌষমেলা বাঁচাও কমিটির সদস্যরা বোলপুর বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের তালা ভেঙে প্রবেশ করলেন। গত সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, এবারও শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষমেলা হবে না। এই সিদ্ধান্তের পর থেকেই বোলপুরের ব্যবসায়ী সমিতি, কবিগুরু হস্তশিল্প মার্কেট এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল থেকেই বোলপুর বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পৌষমেলা বাঁচাও কমিটির সদস্যরা। তাদের দাবি ছিল, পৌষমেলা শান্তিনিকেতনের একটি ঐতিহ্য। এই মেলায় বহু মানুষ কর্মসংস্থান পান। তাই পৌষমেলা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।
বিক্ষোভকারীদের দাবি মেনে নিতে নারাজ থাকায় তারা কেন্দ্রীয় কার্যালয়ের গেটের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর তারা রেজিস্টারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু রেজিস্টার অফিসে না থাকায় তারা হতাশ হন। পৌষমেলা বাঁচাও কমিটির সদস্যরা বলেন, “পৌষমেলা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
Free Access