গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বীরভূমের বোলপুরে ফের তীব্র চাঞ্চল্য! বৃহস্পতিবার গভীর রাতে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও একটি বোমা। এক মাস আগেই একই এলাকায় মেলে অনুরূপ বোমা, যেটি বুধবারই কেন্দ্রীয় বাহিনীর বিশেষজ্ঞ দল এসে নিষ্ক্রিয় করে। কিন্তু সেই ঘটনার ঠিক পরের দিন রাতেই ফের জেলের জালে উঠে আসে আরও একটি যুদ্ধকালীন বোমা (Bolpur Bomb)। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন জেলে অজয় নদে মাছ ধরতে যান। তাঁদের জালে আটকে যায় একটি ভারী ধাতব বস্তু। জাল টেনে তুলতেই দেখা যায় সেটি দেখতে আগের উদ্ধার হওয়া বোমার মতোই। সঙ্গে সঙ্গে তারা ঘটনাটি বোলপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। (Bolpur Bomb)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
বোলপুর থানার পুলিশ জানায়, উদ্ধার হওয়া বোমাটি প্রায় তিন ফুট লম্বা এবং ওজনে বেশ ভারী। প্রথম দেখায় মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা। এলাকা সম্পূর্ণ নিরাপদ রাখতে রাতভর টহল চালানো হয়েছে এবং স্থানীয়দের নদীর ধারে যেতে নিষেধ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, আগেরবারও একই স্থান থেকে উদ্ধার হওয়া বোমাটি কেন্দ্রীয় বাহিনীর বোম্ব ডিসপোজাল স্কোয়াড বুধবার এসে নিষ্ক্রিয় করে।

বোলপুর থানার এক আধিকারিক জানান, “নদীর নিচে হয়তো আরও এমন বোমা লুকিয়ে থাকতে পারে। জলস্তর কমে যাওয়ায় সেগুলি এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এলাকা নজরদারিতে রাখা হয়েছে এবং বোম্ব স্কোয়াডকে আবারও ডাকা হয়েছে।” (Bolpur Bomb)
স্থানীয় বাসিন্দা দীপঙ্কর ঘোষের কথায়, “আগেরবারের ঘটনাটা মনে পড়ে গিয়েছিল। তখনও খুব ভয় পেয়েছিলাম। এবার আবারও বোমা উদ্ধার হল। এখন নদীর ধারে যাওয়া বন্ধ করে দিয়েছি।” প্রবীণদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের একটি ঘাঁটি ছিল বোলপুরের এই অংশে। অনুমান করা হচ্ছে, সেই সময়ের কিছু যুদ্ধাস্ত্রই নদীর তলদেশে পড়ে ছিল, যা বছর ঘুরে এখন বালির নিচ থেকে উঠে আসছে।
জেলার প্রশাসনিক শীর্ষকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বোম্ব স্কোয়াড দলের আসার অপেক্ষা চলছে। নিরাপত্তার স্বার্থে জাহানাবাদ এলাকার অজয় নদ সংলগ্ন অংশে সাধারণ মানুষের প্রবেশ আপাতত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এক মাসে দু’বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে বোলপুর জুড়ে।