চিত্র: সংগৃহীত
পার্থ দাস, বীরভূম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে ব্যস্ত, ঠিক সেই আবহেই বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকে বড়সড় ভাঙন ধরল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের বনশঙ্কা অঞ্চলের শিরশিটা গ্রামে বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতিসহ মোট ১২টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন (BJP to TMC)।
স্থানীয় সূত্রে খবর, সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ব্লকে গত কয়েক মাস ধরেই সংগঠনকে চাঙ্গা করতে বুথস্তরে নানা কর্মসূচি নিচ্ছিল বিজেপি। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই দলের বড় একটি অংশ ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন। এদিন নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জী। উপস্থিত ছিলেন ব্লকের যুব সভাপতি জিৎ চ্যাটার্জী, সহকারী সভাপতি দেবানন্দ মুখার্জী এবং প্রধান বসিরউদ্দিন (BJP to TMC)।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে তৃণমূলের এই শক্তিবৃদ্ধি সিউড়ি ২ নম্বর ব্লকের রাজনৈতিক সমীকরণে বিশেষ প্রভাব ফেলতে পারে। যেখানে বিজেপি তাদের সংগঠন মজবুত করার চেষ্টা চালাচ্ছিল, সেখানে সংখ্যালঘু সেলের সভাপতির এই দলবদল গেরুয়া শিবিরের জন্য কিছুটা ধাক্কা বলেই মনে করা হচ্ছে (BJP to TMC)।
যদিও এই দলবদলকে জেলাজুড়ে চলমান রাজনৈতিক পালাবদলেরই একটি অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভোট যত এগিয়ে আসছে, জেলাজুড়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে এই ধরণের যোগদানের হিড়িক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (BJP to TMC)।