চিত্র- নিজস্ব
Bangla Jago Desk: নির্বাচন প্রচারে বিজেপির স্লোগান ছিল, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। ভোট মিটেছে, জনাদেশ মিলেছে এবং রাজ্যে পদ্ম ফুটেছে। এই জয়ের আবহেই এবার স্লোগান বদলে ফেলল গেরুয়া শিবির। ‘পাল্টানো দরকার’ থেকে রূপান্তর ঘটল ‘পাল্টেছে এই বার, এল বিজেপি সরকার’-এ। বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুর্গে ধস নামিয়ে ক্ষমতা দখলের পর, সেই জয়ের আনন্দ উদ্যাপন করতে বুধবার নতুন একটি গান প্রকাশ করল বিজেপি।
গানে গানে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার
দুই মিনিটের এই নতুন গানটিতে শুধু যে জয়গান গাওয়া হয়েছে তা নয়, তুলে ধরা হয়েছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকারও। নির্বাচনী প্রচারে বিজেপি যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল, এই গানে ফের তা স্মরণ করিয়ে দেওয়া হলো। গানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এ বার থেকে শিক্ষা আর ‘ঊর্ধ্বগামী সিঁড়ি’তে পা রাখবে। রাজ্যে বেকারত্ব ঘোচানোর পাশাপাশি ‘দাদাগিরি’র সংস্কৃতিকে চিরতরে উপড়ে ফেলার আশ্বাসও দেওয়া হয়েছে এই গানের ছত্রে ছত্রে।
ভিডিওতে মোদি থেকে শুভেন্দু, ঝলক পেল কোন মুহূর্ত?
গানটির ভিডিও নির্মাণে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানে যেমন একদিকে প্রধানমন্ত্রীর মুখে ‘জয় মা কালী’ এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যাচ্ছে, তেমনই অন্যদিকে দেখা যাচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার পর শুভেন্দু অধিকারীর জয়ের উল্লাস। পাশাপাশি ভিডিওতে উঠে এসেছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বিভিন্ন কর্মসূচির ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের নানা মুহূর্ত। সব মিলিয়ে, প্রচারের সেই চেনা স্লোগানকে জয়োৎসবের নতুন মোড়কে বাঁধতেই এই প্রয়াস।
Interesting victory song released by BJP for West Bengal.
Both Jai Ma Kaali and Jai Shri Ram feature prominently in the anthem pic.twitter.com/clJga85h4a— Padmaja Joshi (@PadmajaJoshi) May 6, 2026
প্রচারের নতুন ধারা
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক নির্বাচনে স্লোগান এবং গানের লড়াই বেশ জনপ্রিয় হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে মোদির বেঁধে দেওয়া স্লোগান প্রচারের ময়দানে তৃণমূলের সমস্ত প্রচারকে ছাপিয়ে গিয়েছিল। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই সরকার গঠনের মুখে দাঁড়িয়ে নতুন গানে জোর দিল বিজেপি। গানের সুরে ও ভিডিওর দৃশ্যায়নে এক নতুন বাংলার বার্তাই দিতে চাইল পদ্মশিবির। এখন দেখার, সরকারের দায়িত্বভার গ্রহণের পর এই প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবায়িত হয়। নতুন সরকারের শপথের প্রাক্কালে এই গান কর্মীদের মধ্যে যে বাড়তি উৎসাহের সঞ্চার করল, তা বলার অপেক্ষা রাখে না।