ad
ad

Breaking News

BJP

ক্ষমতায় এলে বাংলায়ও বন্ধ হবে মাছ-মাংস! বিজেপি নেতার ভিডিয়ো ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল

যদিও ওই নেতার পাল্টা দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ভিডিয়োটি বিকৃত করা হয়েছে।

BJP Leader’s Viral Video on Fish-Meat Ban Sparks Controversy

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আসন্ন নির্বাচনের আগেই সরগরম হয়ে উঠল হুগলি জেলার চুঁচুড়া। রাজ্য বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ ও মাংস খাওয়া বন্ধ হবে বলে তিনি দাবি করেছেন। যদিও ওই নেতার পাল্টা দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ভিডিয়োটি বিকৃত করা হয়েছে (BJP)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওরফে রামের একটি ভিডিয়ো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল)। ওই ভিডিয়োতে তাঁকে বিহারের উদাহরণ টেনে বলতে শোনা যায় যে, সেখানে বিজেপি সরকার মাছ-মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে এবং বাংলায় বিজেপি ক্ষমতায় এলেও একই পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি বিহার সরকার খোলা জায়গায় মাংস বিক্রির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কথায় আছে মাছে-ভাতে বাঙালি। এটা বিহার নয়। যারা ভাবছে বাংলায় মাছ-মাংস বন্ধ করবে, তারা আগামী বিধানসভা নির্বাচনে টের পাবে কত ধানে কত চাল।” তিনি আরও দাবি করেন যে, বিজেপি নেতার এই মন্তব্য বাঙালির খাদ্যাভ্যাস ও অস্মিতায় আঘাত (BJP)।

তুমুল বিতর্কের মুখে পড়ে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, তিনি কখনও মাছ-মাংস খাওয়া বন্ধ করার কথা বলেননি। তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতা। তিনি বলেন, “তৃণমূল নেতারা বিহারের নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করছেন। আমি বলতে চেয়েছি মিষ্টির দোকানের মতো যাতে স্বাস্থ্যকর ও ঢাকা পরিবেশে মাছ-মাংস বিক্রি হয়। যত্রতত্র আবর্জনা ফেলে পরিবেশ দূষণ বন্ধের পক্ষে আমি সওয়াল করেছি।” তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আসলে বাঙালির আবেগ নিয়ে সস্তা রাজনীতি করতে চাইছে (BJP)।