ad
ad

Breaking News

BJP Balurghat

প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপিতে ভাঙন? বালুরঘাটে ক্ষোভে পদত্যাগ একাধিক নেতার

এই সিদ্ধান্তে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও অভিযোগ তাঁর।

BJP Balurghat Internal Dissent Erupts After Candidate

চিত্রঃ প্রতীকী

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: প্রার্থী ঘোষণার পরেই দলীয় অন্দরে ক্ষোভের সুর। বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের নাম প্রকাশ্যে আসতেই পুরনো কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই একাধিক নেতা-কর্মীর পদত্যাগ ঘিরে জল্পনা তীব্র হয়েছে শহর জুড়ে।দলীয় সূত্রে খবর, বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ৩৯ নম্বর বুথের বুথ সভাপতি প্রার্থী নির্বাচনে আপত্তি জানিয়ে টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

একইসঙ্গে, ৭ নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ কৌশিক শর্মাও পদ ছেড়েছেন বলে জানা গিয়েছে।অন্যদিকে, ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি প্রার্থী তথা শহর বিজেপি যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি মিলন সূত্রধর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, “এবার বিজেপি প্রার্থী গোহারা হারবে।” পরে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গতবার বাইরের একজনকে প্রার্থী করা হয়েছিল। এবার অন্য দলের সমর্থককে দলে এনে টিকিট দেওয়া হয়েছে।”

এই সিদ্ধান্তে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও অভিযোগ তাঁর। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি দলের আর এক নেতা সাত্ত্বিক চক্রবর্তী।এ প্রসঙ্গে টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট নজরে এসেছে। তবে এখনও পর্যন্ত আমার কাছে কোনও আনুষ্ঠানিক পদত্যাগপত্র পৌঁছয়নি। চিঠি এলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।”প্রার্থী ঘোষণার পরেই এই অন্দরের অসন্তোষ কতটা প্রভাব ফেলবে নির্বাচনে, সেটাই এখন দেখার।